শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৪

ঝুঁকিপূর্ণ পারাপার সেতুতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঝুঁকিপূর্ণ পারাপার সেতুতে। বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়ারচর খালের ওপর নির্মিত লোহার সেতুটি (আয়রন ব্রিজ) প্রায় তিন বছর কঙ্কালসার। সেতুটির কংক্রিটের মেঝের প্রায় পুরোটা ভেঙে পড়ে গেছে। টিকে আছে লোহার কাঠামো। ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়েই প্রাণ হাতে নিয়ে খাল পার হচ্ছে শিক্ষার্থীসহ বহু মানুষ।
নাজিরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে মিয়ারচর খালের লোহার সেতুটি নির্মাণ করা হয়। স্রোতের তোড়ে ৩-৪ বছর আগে খুঁটি দেবে গিয়ে মেঝেতে ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে মিয়ারচর গ্রামের সঙ্গে অপর পাড়ের মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙা অবস্থায় পড়ে আছে। লোহার কাঠামো আর ভাঙা মেঝেতে অত্যন্ত সাবধানে পা ফেলে সেতু পার হতে হচ্ছে। নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি খাল পারাপারের দ্রুত একটি অস্থায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।
নাজিরপুর ইউনিয়নের প্রশাসক ও মুলাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, সেতুটি ভেঙে সংস্কারের সিদ্ধান্ত হয়। অর্থ বরাদ্দ পেলে দ্রুত কাজ সম্পন্ন করা হবে।
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মো. গোলাম সরওয়ার বলেন, মিয়ারচর সেতুটি সংস্কারের জন্য স্থানীয়রা আবেদন করেছেন এবং শিগগির সেতুটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।