ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই তরুণের উচ্চ শিক্ষা অর্জন। নদী আর জীবিকার সংগ্রামে বেড়ে ওঠা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষার আলো থেকে পিছিয়ে থাকা একটি জনগোষ্ঠীর মধ্যে আশার আলো জ্বালিয়েছেন দুই তরুণ। দারিদ্র্য, সামাজিক প্রতিকূলতা ও নানা সীমাবদ্ধতা পেরিয়ে উচ্চশিক্ষা অর্জন করে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মান্তা সম্প্রদায়ের দুই সন্তান মো. আবু বক্কর সিদ্দিক ও মো. বায়েজীদ হোসেন। তাঁদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো মান্তা জনগোষ্ঠীর জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
গতকাল বৃহস্পতিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই দুই তরুণকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা, আসমা উল হুসনা।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আখতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন এবং রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন শিকদারসহ মান্তা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের মানুষ।