বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৫

পাঠ্যবই উদ্ধার এবং আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিনা মূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা নবম ও দশম শ্রেণির সরকারি পাঠ্যবই উদ্ধার করেছে পুলিশ, আর এ পাঠ্যবই উদ্ধারের ঘটনা টাঙ্গাইলের মধুপুরে। এ ঘটনায় উপজেলার নরকোনা গ্রামের নওশের আলী ছেলে ইব্রাহীম হোসেন নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার কাছ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের ২ হাজার ২৬২ পিস পাঠ্যবই উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক ওজন ৮০০ কেজি।
বুধবার সন্ধ্যায় উপজেলার নরকোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সন্দেহ হলে ভ্যানযোগে বই অন্যত্র নেওয়ার সময় ইব্রাহীমকে আটক করে পুলিশে খবর দেন। পরে মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বইগুলো জব্দ করে এবং ইব্রাহীমকে হেফাজতে নেয়।
উদ্ধার করা বইয়ের মধ্যে রয়েছে—‘English Grammar and Composition’ ৬০০ পিস, ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ ৪৬৮ পিস, ‘গণিত’ ৩১২ পিস, ‘বাংলা সাহিত্য’ ১৫০ পিস এবং ‘বাংলা সহপাঠ’ ৪২০ পিস। সবগুলোই নবম ও দশম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি পাঠ্যবই।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, সাইফুল ইসলাম বলেন, বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা এসব বই কোথা থেকে এবং কীভাবে বাইরে এসেছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান বাদী হয়ে মধুপুর থানায় নিয়মিত মামলা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।