ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সন্ধ্যা নামলেই ডাকাত আতঙ্ক বিরাজ করে ঢাকা নারায়ণগঞ্জের আড়াইহাজারে। একের পর এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের রাত কাটে চরম উৎকণ্ঠায়। প্রায় প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় সশস্ত্র ডাকাত দল বাড়িতে হানা দিয়ে লুটপাট করছে। তাদের হামলায় আহত হচ্ছে নারী-শিশুসহ অনেকে। ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা সম্প্রতি জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিতায় ডাকাতরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
সবশেষ শুক্রবার রাতে এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুলিশ বলছেন, ডাকাতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অনেক ডাকাতকে গ্রেফতারও করা হয়েছে। র্যাব, পুলিশ ও সেনাবাহিনী ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব, মো. মিজানুর রহমান মুন্সি বলেন, ডাকাতি প্রতিরোধে পুলিশ, র্যাবসহ যৌথ বাহিনী কাজ করছেন। তারপরও ডাকাতির ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, সম্প্রতি বেশ কয়েকজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ফতেপুর ইউনিয়নের মৎস্য ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।