ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর। ভূমিমন্ত্রী জনাব, মো. মিজানুর রহমান মিনু ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত ‘অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে ভূমি তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ কার্যক্রম’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ভূমিমন্ত্রী বলেন, কোনো ভূমিদস্যুকে প্রশ্রয় দেওয়া যাবে না। ভূমি অফিসগুলোতে যাতে ভূমিদস্যুরা কোনো ধরনের সুযোগ-সুবিধা নিতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
সাধারণ সেবাপ্রত্যাশীরা যাতে অগ্রাধিকার পান, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ভূমি সক্রান্ত জটিলতা ও হয়রানি দূর করতে সরকার কাজ করছেন। আজকের কর্মশালা সেই উদ্যোগেরই অংশ।
মন্ত্রী কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং অর্জিত জ্ঞান ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।
তিনি বলেন, অন্যায় ও অনিয়মের জন্য শুধু এ দুনিয়াতেই নয়, পরকালেও জবাবদিহি করতে হবে। যারা অন্যায় ও অনিয়মের মাধ্যমে অর্থ-সম্পদের মালিক হয়েছেন, তাদের কেউই জীবনে শান্তি পাননি।
ভূমিমন্ত্রী আরও বলেন, সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
ভূমি মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।