ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, কাউছার হামিদের ষড়যন্ত্রমূলক বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে, আর এ মানববন্ধন হয়েছে কুমিল্লার লাকসামে।
এতে লাকসামের সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করে ইউএনও’র বদলি আদেশের প্রতিবাদ ও ওই আদেশ প্রত্যাহারের দাবি তুলে ধরেন।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে কুমিল্লার লাকসাম উপজেলা ভবনের সামনে ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাইপাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন লাকসাম সাংস্কৃতিক জোট, লাকসাম নারী উদ্যোক্তা সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এছাড়াও লাকসামের ছাত্র-জনতা লাকসাম বাইপাস থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং উপজেলা চত্তরে এসে অন্যান্য সংগঠনের আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় লাকসাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, খুন্তা ফাউন্ডেশন, লাকসাম সিটি রানার গ্রুপসহ বহু সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।