ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পটুয়াখালীর বাউফলে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চালের নামের তালিকা থেকে নওমালা ইউনিয়নের ছয় শতাধিক দরিদ্র ব্যক্তিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ভুক্তভোগি দরিদ্র নারী ও পুরুষেরা সোমবার দুপুরে উপজেলা চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
নওমালা ইউনিয়নের পাঁচ শতাধিক নারী-পুরুষ ওই কর্মসূচিতে অংশ নেন। তাঁরা দুপুর সোয়া একটার দিকে প্রথমে বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। পরে পায়ে হেঁটে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের সড়কে এক ঘন্টাব্যাপী মানববন্ধন করেন এবং উপজেলা চত্বরে অবস্থান নেন।
বিকেল তিনটার দিকে ইউএনও জনাব, আল আমিন এসে তাঁদেরকে আশ্বস্ত করেন যে,সত্যতা যাছাই করে তাঁদের নাম অবশ্যই অন্তর্ভূক্ত করা হবে এবং এজন্য তাঁদেরকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে বাদ পড়া ব্যক্তিদের নাম দেওয়ার জন্য বলেন।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”