শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১৩

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জুট ও তুলার ১০টি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকার আশুলিয়ায়। আগুনে গুদামগুলোর পাশাপাশি পাশের কয়েকটি বাড়ির কক্ষও পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাতের পর মুহূর্তের মধ্যে তা গুদামে মজুত তুলায় ছড়িয়ে পড়ে। পরে আগুন পাশের জুটের গুদাম ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে জুট ও তুলার ১০টি গুদাম পুড়ে যায়। পাশাপাশি গুদামসংলগ্ন কয়েকটি বাড়ির কক্ষও ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, আগুনে জুট ও তুলার ১০টি গুদাম পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ায় গুদামসংলগ্ন কয়েকটি বাড়ির কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।