ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে জামালপুরের মেলান্দহে গাছের সঙ্গে ধাক্কা লেগে শামছুদ্দিন আহমেদ রুবেল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে মেলান্দহের সাহাজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুদ্দিন আহমেদ রুবেল দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পূর্ব কামারের চর এলাকার আব্দুল কদ্দুছের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন।
মেলান্দহ থানার পুলিশ উপ-পরিদর্শক জ্যোতির্ময় সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার শিকার প্রাইভেট কারটি থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।