ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার অনন্তপুর উত্তর হাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরহাদ মিয়া (৩০), তার বাবা নুরুল আমিন (৬০) ও মা ফাতেমা আক্তার (৫০)।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, বিকাল ৫টার দিকে নিজ বাড়ির দোকানে মেরামতের কাজ করছিলেন ছেলে ফরহাদ মিয়া। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে মা এগিয়ে এসে ছেলেকে জড়িয়ে ধরেন। একইভাবে পিতা নুরুল আমিন তাদের বাঁচাতে ছুটে আসেন। পরে তারা তিনজনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
বিশ্বম্ভরপুর থানার ওসি জনাব, শাহিন মিয়া জানান, স্থানীয় নানা মাধ্যমে জানা গেছে ফরহাদ নামের এক যুবক তার ঘরে বিদ্যুতের কাজ করছিল, তখন অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার মা-বাবা চেষ্টা করলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তা পুলিশ খতিয়ে দেখছে।