শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭

তিন যাত্রীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বুড়িগঙ্গা নদীতে মালবাহী বাল্কহেডের ধাক্কায়। এ ঘটনায় তিন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে। সোমবার সকাল দশটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতরা হলেন রেখা (২৯) ও তার মেয়ে সানজিদা (৮) এবং শফিকুল (৭)। শফিকুলের মা শীতল (২৭) নিখোঁজ রয়েছেন।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সোবাহান মিয়া জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে কামরাঙ্গীচর থেকে একটি নৌকা ১০ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের খাগাইল খেয়া ঘাটের দিকে যাচ্ছিল। কিছুটা পথ আসার পরে একটি মালবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়ার পরে মাঝি ও বাকি ৬ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও রেখা, সানজিদা, শফিকুল ও শীতল তলিয়ে যায়। খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নদীতে তল্লাশি শুরু করে। বেলা পৌনে ১টার দিকে তারা রেখার লাশ উদ্ধার করেন। এরপর বেলা সোয়া ১টার দিকে তার আট বছর মেয়ের লাশ উদ্ধার করা হয়। দুপুর ৩টায় শিশু শফিকুলের লাশ উদ্ধার করা হয়। তবে শফিকুলের মা শীতল এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করছে ডুবুরি দল।
মারা যাওয়া ও নিখোঁজের বাসা কেরানীগঞ্জের খোলামোড়া জলিল মিয়ার বাড়িতে। এ ঘটনায় পুলিশ মালবাহী নৌ যানটির সুকানি সোহাগ, কর্মচারী আবু তালেব, সবুজ, হাবিব, তানজিল ও হারুনকে আটক করেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, নিখোঁজ শীতলকে উদ্ধারে ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন।