রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৭

বাস এবং ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাগুরা-ঝিনাইদহ সড়কের সাঁইত্রিশ এলাকায় শুক্রবার বিকেলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে আর এই ঘটনা মাগুরা সদর উপজেলার। নিহতরা হচ্ছেন বাসযাত্রী মাগুরা সদরের হাজরাপুর গ্রামের আকবর মোল্যার ছেলে আবুল কাশেম মোল্যা (৫০) ও নড়াইল জেলার বিমল দাস (৭৫)।
মাগুরা সদর থানার ওসি জনাব, মঞ্জুরুল আলম জানান, বিকাল ৩টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহগামী একটি পরিবহন যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাক দুটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে নড়াইল জেলার বিমল দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
মাগুরা সদরের হাজরাপুর গ্রামের সবজি ব্যবসায়ী আবুল কাশেমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্য আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে।