সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩১

পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকের টাকা ভাগাভাগি নিয়ে কুমিল্লার বুড়িচংয়ে বিরোধের জেরে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে একই সম্প্রদায়ের আরেকজনের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রবিবার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত এনামুল হক শিশির ওরফে মাহি (৩৫) বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের কামরুল হক ফরহাদের সন্তান। এ ঘটনায় অভিযুক্ত জহিরুল ইসলাম আপন ওরফে জহির একই এলাকার বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ লুৎফুর রহমান জানান, হত্যার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রধান অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।