ডেইলি ক্রাইম বার্তা : নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ মে) বিকেলে গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন উপজেলার সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত থেকে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান।
গৌরনদী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয়ের সুযোগ পাবে এবং এতে জনগণের ভোগান্তি অনেকাংশে কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রী জনাব, এম জহির উদ্দিন স্বপন এমপি। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দেশের কোনো মানুষ যেন খাদ্য সংকটে না থাকে। এজন্য সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম ধাপে ধাপে সম্প্রসারণ করা হচ্ছে। গৌরনদী উপজেলাকে এ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। একইসঙ্গে তিনি জানান, এ পর্যন্ত সারা দেশে প্রায় ৩৭ হাজার সুবিধাভোগী এ প্রকল্পের আওতায় এসেছে।
বরিশাল জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার জনাব, মোঃ খলিল আহমেদ, বরিশাল রেঞ্জ ডিআইজি জনাব, মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মোঃ আনসার উদ্দিন, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মোঃ ইব্রাহিম, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান এবং জেলা বিএনপির সদস্য ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”