ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আক্তার খাদিজা চাঁদনী (২২) নামে নড়াইলের সদর উপজেলায় এক নারীকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্বামী সাকিব শেখ (২৫) আটক করেছেন।
আটক সাকিব খুলনার ফুলতলা উপজেলার দামোদার গ্রামের জাহিদ শেখের ছেলে। তাঁর স্ত্রী নিহত চাঁদনী একই উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে।
জানা গেছে, গত সোমবার নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে যান সাকিব শেখ ও চাঁদনী। গতকাল রাতে ঘরের একটি কক্ষে চার বছরের সন্তানসহ ঘুমিয়ে পড়েন তাঁরা। রাত ১টার দিকে ঘুমিয়ে থাকা স্ত্রীকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন সাকিব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পরে স্বামী সাকিবকে আটক করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, অজয় কুমার কুণ্ডু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন সাকিব। ঘটনার প্রকৃত কারণ উদ্ধারের জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ।