ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি নিয়ে বিরোধের জের ধরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সোহাগী ইউনিয়নের সোহাগী বাজার থেকে বাড়ি ফেরার পথে মোহাম্মাদ কাশেমের (৫৫) ছুরিকাঘাতে ফুফাতো ভাই আবুল কালাম(৬৫) নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে কাশেম পলাতক রয়েছে। কাশেম সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে। নিহত ফুফাতো ভাই আবুল কালাম একই ইউনিয়নের মমরেজপুর গ্রামের প্রয়াত ছফির উদ্দিনের ছেলে। কালাম ও কাশেম বাড়িঘর পাশাপাশি জায়গায় অবস্থিত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশেম ও আবুল কালাম মামাতো-ফুফাতো ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি জনাব, রবিউল আজম বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।