বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৪

ক্ষেত থেকে লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ধানক্ষেত থেকে রাজশাহীর পবা উপজেলার বিল ধরমপুর এলাকায় ১১ বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছেন পুলিশ। ওই শিশুর নাম আদিব আহনাফ। সে ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
আজ সোমবার সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় ধানক্ষেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবার ও পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল শিশু আদিব। কিন্তু রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিহতের মামা মোকছেদ আলী বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ভাগ্নেকে নির্মমভাবে শ্বাসরোধে খুন করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে কর্ণহার থানার অফিসার ইনচার্জ জনাব, হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করাও সম্ভব হয়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে এবং তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।