শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৬

গৃহবধূকে হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা : গৃহবধূ লামিয়া আক্তার বর্ষা হত্যার প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বরিশাল নগরীর টাউন হলের সামনে এ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থানে (অশ্বিনী কুমার হল চত্বরে) এসে শেষ হয়।
শ্বশুর বাড়িতে যৌতুকের কারণে হত্যার শিকার হয় লামিয়া আক্তার বর্ষা। ৩ মাসের অন্তঃসত্ত্বা নববধূ বর্ষার ৫ মাস আগে বিয়ে হয়। বর্ষার পরিবারের ধারণা যৌতুকের দাবিতে দীর্ঘদিনের নির্যাতনের পর তাকে তার স্বামী সিয়াম ও তার পরিবারের অন্যান্যরা মিলে হত্যা করেছে।
এ হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, শিক্ষিকা সোনালী কর্মকার, রাজনৈতিক নারী নেত্রী মনীষা চক্রবর্তী, শিশু সংগঠক জাহিদ হাসান দীপু ও লামিয়া আক্তার বর্ষার পিতা মো. শানু মিয়া প্রমুখ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”