মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২২

চাকুর আঘাতে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানসিক ভারসাম্যহীন এক যুবকের চাকুর আঘাতে রাঙামাটি সদর উপজেলার জীবতলী হেডম্যান পাড়ায় রিপন চাকমা (১৪) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
গতকাল সোমবার বিকেলের দিকে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত যুবক স্বপন চাকমা (২২) নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে।
জানা গেছে, নিহত রিপন চাকমা কাপ্তাই ইউনিয়নের ভাইবোন ছড়া পাড়ার বাসিন্দা লক্ষীচান চাকমার ছেলে। সে সম্পর্কে স্বপন চাকমার মাসতুতো ভাই (মায়ের ছোট বোনের ছেলে)।
অভিযুক্ত স্বপন চাকমা জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা রিময় লাল চাকমার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকেলে নিহত রিপন স্কুল থেকে বাড়ি ফেরে। ওই সময় তার খালা ও খালু (স্বপনের বাবা-মা) বিলে মাছ ধরতে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে স্বপন চাকমা ধারালো চাকু দিয়ে রিপনের গলা, বুক ও পেটে এলোপাতাড়ি আঘাত করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের গলা, বুক ও পেটে চাকুর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।