ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইলিশের দাম বেড়েছে এবং উৎপাদন কমছে। ধস নেমেছে জাতীয় মাছ ইলিশ উৎপাদনে। নদীতে জেলের জালে, আড়তে এবং বাজারে ইলিশের সরবরাহ প্রতি বছরই কমছে। আর উৎপাদনে ধস নামার কারণে হাটবাজারে এখন আর আগের মতো ইলিশ মিলছে না। কিন্তু বেড়েই চলছে ইলিশের দাম। ফলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ ইলিশের স্বাদ গ্রহণের সুযোগ থেকে হচ্ছে বঞ্চিত। ইলিশের উৎপাদন কমে যাওয়ার পেছনে অন্যতম কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব। নদীতে চর ও ডুবোচর জেগে ওঠায় ইলিশের চলাচলের পথ সংকুচিত হচ্ছে। একই সঙ্গে নদীর নাব্য কমে যাওয়ায় প্রজননেও ব্যাঘাত ঘটছে। তাছাড়া অবৈধ জালের ব্যবহারও কমিয়ে দিচ্ছে ইলিশ উৎপাদন।
চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফ আহমেদ বলেন, কাগজে উৎপাদন বৃদ্ধির তথ্য প্রকাশ করলেই হবে না, ইলিশ রক্ষায় বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। পদ্মা-মেঘনার নাব্য ফিরিয়ে আনতে নিয়মিত ড্রেজিং, ডুবোচর অপসারণ, নদীদূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধ না করলে ভবিষ্যতে ইলিশ আরো সংকটে পড়তে পারে।