শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৮

কোস্ট গার্ডের অভিযান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট (জ্বালানি ও ভোজ্য তেলসহ) ও মূল্য স্থিতিশীল রাখতে যৌথ অভিযান পরিচালনা করছেন কোস্ট গার্ড। গতকাল বুধবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জনাব, সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যবসায়ী জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে ভোজ্য ও জ্বালানি তেলসহ খাদ্যদ্রব্য অবৈধ মজুত করে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী, নৌ পরিবহণ অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে ৮ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার দুপুর থেকে চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিভিন্ন বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান চলমান রয়েছে।
বাজারে জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং মূল্য স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড চট্টগ্রাম বন্দরসহ বহিঃনোঙ্গরে সার্বক্ষণিক নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার অধিক কোনো লাইটার, কোস্টারসহ খাদ্যদ্রব্য, জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে না দেওয়া, জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজসমূহকে দ্রুত নিজ নিজ গন্তব্যে প্রেরণ নিশ্চিত করা এবং আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছেন কোস্ট গার্ড।