বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৭

শত্রুতার জেরে যুবককে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গতকাল রবিবার পূর্বশত্রুতার জের ধরে দিবাগত রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, হত্যার শিকার লিটন সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন। রাতে নিহত লিটন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা লিটনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ওসি জনাব, মহিববুল্লাহ সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে এবং তদন্তের পর বিস্তারিত বলা যাবে।