বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৯

ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক বিরোধের জেরে নওগাঁর মান্দায় বড় ভাই আশরাফুল ইসলাম ফুলনকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই বাবু (৩০) এর বিরুদ্ধে।
শনিবার (২৮ মার্চ) নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ও অভিযুক্ত বাবু ওই গ্রামের ময়েজ উদ্দিন প্রামানিকের ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই বাবু ক্ষিপ্ত হয়ে হাসুয়া দিয়ে বড় ভাই ফুলনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মান্দা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা গ্রাম পুলিশের সহায়তায় বাবুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ বিষয়ে মান্দা থানার ওসি জনাব, মাসুদ রানা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।