ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুয়াশার চাদর জমে উঠতেই পঞ্চগড়ে বাড়ছে শীতের চাপ। ভোর থেকে সকাল পর্যন্ত কনকনে ঠান্ডায় জমে যাচ্ছে চারদিক। টানা ছয় দিন ১৪ ডিগ্রির ঘরে থাকার পর আজ বৃহস্পতিবার তাপমাত্রার পারদ আরও নিচে নেমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ। ভোরের ঠান্ডায় রাস্তাঘাট ফাঁকা, আর সূর্য ওঠার পর কিছুটা উষ্ণতা মিললেও সকালে শীতের উপস্থিতি বেশ প্রকট।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত ছয় দিনের তাপমাত্রা ছিল বুধবার ১৪ দশমিক ৩, মঙ্গলবার ১৪ দশমিক ৬, সোমবার ১৪ দশমিক ৫, রোববার ১৪ দশমিক ৭, শনিবার ১৪ দশমিক ২ এবং শুক্রবার ১৪ ডিগ্রি সেলসিয়াস। টানা স্থিতিশীল শীতের পর আজ পারদ ১৩ ডিগ্রির ঘরে নামায় আরও শীত অনুভূত হচ্ছে।