ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টানা পাঁচদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মস্থা আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এটি দুর্বল হয়ে প্রথমে ঘূর্ণিঝড়, পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ সকাল ৬ টায় অন্ধ্র প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।