ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে ঢাকা রাজধানীতে আহত হয়ে চিকিৎসাধীন ব্যাটারিচালিত অটোরিকশা চালক আকরাম হোসেনের (২৭) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এর আগে বুধবার দিবাগত রাতে কামরাঙ্গীরচর খোলামোড়া বাঁশপট্টি এলাকায় তাকে ছুরিকাঘাত করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আকরামকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, পথচারীরা আহত অবস্থায় আকরামকে হাসপাতালে ভর্তি করেছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কামরাঙ্গীরচর থানার ওসি জনাব, মো. আমিরুল ইসলাম বলেন, রাতে জাউলাহাটি খোলামোড়া এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। খবর পেয়ে টহল টিম ঘটনাস্থলে যায়। এ সময় দুজন যুবককে দৌড়ে চলে যেতে দেখা যায়। ঘটনাটি ছিনতাই নাকি অন্য কোনো কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।