ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে ফেনীতে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ফেনী সদর উপজেলার ফাজিলপুরে ছুরিকাঘাতে নিহত হন আলমগীর হোসেন সোহাগ (৫০)।
নিহত আলমগীর হোসেন সোহাগ ফাজিলপুরের রুহুল আমিনের ছেলে।
পুলিশের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পশ্চিম ফাজিলপুর রাজনগর এলাকায় কথা কাটাকাটির জেরে আলমগীর হোসেন সোহাগকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে ফেনী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল কাদির বলেন, ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।