ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বাঙ্গরা থানার ওসি জনাব, মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, রুবি আক্তার, তার মেয়ে জোনাকী ও ছেলে রাসেল।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জনাব, মাহফুজুর রহমান জানান, মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে স্থানীয় গ্রামবাসী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কড়ইবাড়ি গ্রামে রাসেলের পরিবারের চার সদস্যকে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে রুবি, জোনাকী ও রাসেল নিহত হন। আহত হন পরিবারের আরো এক সদস্য। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার জনাব, নাজির আহমেদসহ একাধিক গোয়েন্দা সংস্থা এবং থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।