ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০টি প্রকল্প বাস্তবায়ন করেছেন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে বসুন্ধরা শুভসংঘ, স্বপ্নছায়া, অন্তরে আমার নরসিংদী, দরিদ্রের হোটেলসহ ৩০টির বেশি সংগঠন সম্মিলিতভাবে ফেনীতে বন্যার্তদের পূর্নবাসন করতে। সংগঠনগুলোর পক্ষে সোহেল আহমেদ অপু, আজহার শামীম, প্রণয় সাহা, হারুন চৌধুরী ও আতাউর মিলে সপ্তাহব্যাপী ফেনীতে অবস্থান করে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করেন। ফেনী সদরের মোটবী ইউনিয়নের লস্করহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে গত ৬ অক্টোবর এই প্রকল্পগুলোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেদিন নরসিংদী থেকে বিভিন্ন সংগঠনের প্রায় ৩০ সদস্যের একটি টিম লস্করহাট মাদ্রাসার মাঠে গিয়েছিলেন।
বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনিরের আহ্বানে সংগঠনগুলো একত্র হয়ে বন্যার্তদের পূর্নবাসন এই কাজগুলো সম্পন্ন করেছেন। সংগঠনগুলোর উদ্যোগে নতুন ঘর নির্মাণ ও ভেঙে যাওয়া ঘর সংস্কার, ছাগল, গ্যাস সিলিন্ডার ও চুলা বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ, খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ, এতিম শিক্ষার্থীদের জন্য নতুন জামা, অতিদরিদ্রদের আর্থিক অনুদান, অসচ্ছল নারীদের সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। সারা দিনে চারজন ডাক্তারের মাধ্যমে প্রায় এক হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এলাকার এক হাজার ২০০ মানুষকে এক বেলার খাবার দেওয়া হয়েছে।